নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় যথাযথ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে নতুন ইটভাটা নির্মাণের অপরাধে ‘মেসার্স সালেহা ব্রিকস’ নামের একটি পুরাতন ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে মান্দা উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় পুরোনো ইটভাটার লাইসেন্স ও যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতিত নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর থেকে পরবর্তী যথাযথ কাগজপত্র বা অনুমোদন না পাওয়া পর্যন্ত ভাটার সকল ধরনের নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখার মর্মে মালিকপক্ষের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ আনসার, নওগাঁর একটি চৌকস দল সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।