
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ভূমি আইন উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন মাঠে আবাদী জমিতে এক্সকেভেটর ভেকু মেশিন দিয়ে পুকুর খননের মহোৎসব চলছে। আবাদী জমিতে মাটি কেটে পুকুর খননের ফলে এক দিকে যেমন কৃষি জমি কমে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। অপরদিকে সেইসব খনন করা জমির চার পাশের ফসলি জমির উৎপাদন মারাত্মক ক্ষতির সম্ভবনা দেখা দিচ্ছে। এক শ্রেণির অসাধু মাটি ব্যবসায়ীরা গ্রামের সহজ সরল মানুষকে পুকুর খননে উৎসাহিত করছেন। পুকুর খননের কারনে এ উপজেলায় দিন দিন আবাদী কৃষি জমি আশংকাজনক হারে কমে যাচ্ছে। ফলে আগামীতে খাদ্য ঘাটতির আশংকাা রয়েছে।
বগুড়ার শস্য ভান্ডার বলে খ্যাত আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন ও সান্তাহার একটি পৌরসভা মিলে ১২ হাজার ৪৫০ হেক্টর ফসলি জমি রয়েছে। এসব ফসলি প্রায় জমিতে রোপা আমন, ইরিবোরো রবিশস্যসহ তিনটি করে আবাদ হয়ে থাকে। আমন মৌসুমে ৩৬ হাজার ৫৪২ মেট্রিক টন ও ইরিবোরো মৌসুমে ৫৪ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়ে থাকে। এতে অত্র উপজেলার খাদ্য চাহিদা পুরন করেও অতিরিক্ত খাদ্য দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়ে থাকে। অথচ কিছু অসাধু ব্যক্তি এসব আবাদী জমিতে পুকুর খনন করে আবাদী জমি কমে খাদ্য উৎপাদন ব্যহত করছেন।
সরকারী ভাবে আবাদি জমিতে পুকুর খনন কিংবা জমি কেটে মাটি বা বালি উত্তোলন নিষিদ্ধ থাকলেও আদমদীঘি সদর, কুন্দগ্রাম, নসরতপুর, ছাতিয়ানগ্রাম, কোমারপুর, চাঁপাপুর, সান্তাহার তারাপুরসহ বিভিন্ন মাঠে সরকারী নিয়মনীতি উপেক্ষা করে তারা আবাদী জমিতে এক্সকেভেটর বা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে গভীর গর্ত করে পুকুর তৈরী করছেন। আবার কেউ পুরাতন পুকুর সংস্কারের নামে ভেকু মেশিন দিয়ে গভীর করে মাটি কেটে আবাদী জমি ভরাট ও বিক্রি করছেন।
আবাদী জমির মালিক ও ভেকু ব্যবসায়ীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবাধে এসব আবাদী জমির মাটি কেটে ট্রাক্টর যোগে অন্যত্র বিক্রি করছে। আবাদী জমিতে মাটি কেটে পুকুর খনন করায় একদিকে যেমন কৃষি জমি কমে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। অপরদিকে সেইসব খনন করা জমির চার পাশের ফসলি জমির ফসল উৎপাদন মারাত্মক ক্ষতির সম্ভবনা দেখা দিচ্ছে। এ ভাবে আবাদী জমি কেটে পুকুর খননের মহোৎসব চললে আগামীতে আবাদী জমি কমে খাদ্য ঘাটতির আশংকা রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এছাড়া মাটি বহনের কারনে গ্রামীন বিভিন্ন পাকা সড়ক নষ্ট হতে চলেছে। আবাদী জমিতে মাটি ভরাটকারি আব্দুল লতিফ বিষয়টির সত্যতা স্বাীকার করে বলেন, আইনে আবাদী জমি নষ্ট করে মাটি ভরাট করা যাবেনা তা আমাার জানা নেই। আগামীতে মাটি ভরাটের জন্য প্রশাসনের নিকট অনুমতি চেয়ে আবেদন করা হবে। উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী জানান, ফসলি জমির মাটি কেটে পুকুর খনন করা যাবে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসারকে অবহিত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বলেন, যদি কেউ অবৈধ ভাবে কৃষি জমিতে পুকুর খনন বা মাটি ভরাট করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।