
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পথ ভুলে আসা আবু তাহের (৮৫) নামের রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন আদমদীঘির পুলিশ। গত রোববার (২১ মে) রাতে আদমদীঘি থানায় বৃদ্ধ শিক্ষক আবু তাহেরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষক আবু তাহের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক কুমোদপুর গ্রামের মৃত হাজী ছমির উদ্দিনের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, আবু তাহের রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের বিএসসি শিক্ষক ছিলেন। চাকরি থেকে অবসরে যাওয়ার কয়েক বছর পর তিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তার স্মৃতি শক্তি হ্রাস পায়। গত ৮ দিন আগে পরিবারের লোকজনের উপর অভিমান করে তিনি বাড়ি থেকে বেড়িয়ে আসেন। এরপর বিভিন্ন জায়গায় তিনি ঘোরাফেরা করে পথ ভুলে গত শনিবার (২০মে) সন্ধ্যায় আদমদীঘির নসরতপুর মুরইল বাজার এলাকায় অসুস্থ্য হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে থানায় নিয়ে আসেন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করার পর নাম ঠিকানা জেনে তার দেয়া তথ্যানুসারে তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। গত রোববার রাতে তার পরিবারের থানায় এলে পথ ভুলে আসা ওই বৃদ্ধ শিক্ষককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।