
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে রাস্তায় ডাকাতি প্রস্ততি কালে তিন ডাকাতকে গ্রেপ্তার ও তাদের নিকট থেকে হাসুয়া, লোহার রড, লাঠিসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। গত শুক্রবার (২৫ আক্টোবর) দিবাগত রাত ১২টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-চেঁচুয়া রাস্তার বানিয়াপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়ার ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনি বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন ইসলাম (২৫) ও বগুড়া সদরের গোদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নুর আলম (২৪)। এ ব্যাপারে আদমদীঘি থানায় ডাকাতি প্রস্ততি সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনি সড়কের কুন্দগ্রাম ইউপির বানিয়াপুকুর নামক স্থানে রাস্তায় গাছ ফেলে পথচারিদের জিম্মি করে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এমন সংবাদের ভিক্তিতে গত শুক্রবার রাত ১২ টায় কুন্দগ্রাম-চেঁচুয়া রাস্তার বানিয়াপুকুর স্থানে ৮/৯ জনের একদল দুর্বৃত্ত ডাকাতি প্রস্ততি নেয়ার সময় আদমদীঘি থানার ফোর্সসহ ওই স্থানে রণ কৌশল অবলম্বন করে তাদের ধাওয়া করে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার ও তাদের নিকট থেকে তিনটি লোহার রড, দুইটি হাসুয়া, তিনটি লাঠি, গাছকাটার হ্যাসকো বেøডসহ বিপুল ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের চিহিৃত ও গ্রেপ্তার তৎপরতা চলছে। গতকাল শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের ডাকাতি প্রস্ততি মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।