
মোঃ নাজমুল ইসলাম
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর আলিম মাদ্রাসার এডহক কমিটিতে মো. আসআত ইকবালকে সভাপতি হিসেবে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, মো. আসআত ইকবাল একজন রাজনৈতিকভাবে বিতর্কিত ও জনসমর্থনহীন ব্যক্তি। তাকে সভাপতি করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা মনিরুল ইসলাম পাভেল, মুহাম্মাদ আমিনুল ইসলাম মণ্ডল ও জালাল উদ্দিন শেখ। তারা অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানান এবং বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষ অংশ নেন।