মোঃ ফারুক হোসেন,কালাই প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট ইউনিয়নের উথরাইল গোহারা এলাকার একটি ফসলি মাঠের ধান বীজতলা থেকে আব্দুর রহমান (৪৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে।
নিহত আঃ রহমান কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী।
ওই মাঠের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সকালে তারা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে ধানের জমিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছেলে রনি বলেন, সকালে লোকজনের মুখে মরদেহ পাওয়ার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত ব্যক্তি আমার বাবা। তিনি জানান, তার বাবা মাদক সেবন করতেন। গতকাল মঙ্গলবার সারাদিন বাড়িতেই ছিলেন। রাতে কখন যে তার বাবা বাহিরে গিয়েছে তা বাড়ির কেউ বলতে পারেনা।তিনি আরো বলেন, গরিব পরিবার আমরা আর আমাদের কোন শত্রু নেই। এ জন্য বাবার মৃত্যু নিয়ে আমাদের কোন অভিযোগ নেই।
ওসি ওয়াসিম আল বারী জানান, আঃ রহমান দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত এবং তাছাড়াও অ্যাজমা ও যক্ষা রোগেও আক্রান্ত । আর সে তেমন চলাফেরাও করতে পারেনা। নেশা করে মাতাল অবস্থায় ফেরার সময় পানি এবং কাদাযুক্ত জমিতে উপর পরে যাওয়ায় আর উঠতে না পাড়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা। লাশটি মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।