
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার দেওপাড়া এলাকায় মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন প্রাণ আরএফএল’র ওয়ার্কশপ গেইটের সামনে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে শনিবার রাতে এ ঘটনা ঘটে। রবিবার কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবাড়ি ইউনয়নের আখরাশাল (আক্সাশাল) গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৪৫), মোহাম্মদ আলীর শিশু ছেলে (আব্দুর রহমানের নাতি) আমান উল্লাহ (৫), গাজীপুর মহানগরীর নোয়াগাঁও হিমারদীঘি মরুনগর (অষ্টগণ কলোনি) এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা জেলা সদর থানার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার দিবাগত রাত ১১টার দিকে নরসিংদীর ঘোড়াশাল থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা গাজীপুরের কালীগঞ্জ যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকার প্রাণ আরএফএল’র ওয়ার্কশপ গেইটের সামনে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ওই কোম্পানীর একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে বিপরীতদিক থেকে আসা মালবাহী অপর একটি ট্রাক ধাক্কা ও চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ নারীসহ চারজন নিহত ও শিশুসহ অটোরিকশার চালক আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর আহত সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ রাতেই নিহতদের লাশ উদ্ধার এবং কাভার্ডভ্যান ও অটোরিকশাটি জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।