শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি,
কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে গেলে জামায়াত ও বিএনপির ৫ নেতাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় সাধারন মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। মাদক নিমুর্লে পুলিশের এমন ভুমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (০৯ মে) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে রবিউল ইসলাম।
মিরপুর থানা হেফাজতে নেওয়া ৫ জনের মধ্যে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নওদাআজমপুর এলাকার নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার জামায়াত নেতা পরিচয়দানকারী মেহের আলী মালিথার ছেলে ও সদরপুর ইউনিয়নের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), রমজান মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫), মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিরপুরে মাদক ব্যবসা নিমুর্লে কঠোরভাবে কাজ করছে পুলিশ। শনিবার এলাকার চিহ্নিত রবিউল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে রাতে থানায় বিএনপি নেতা পরিচয়ে এবং জামায়াত নেতা পরিচয়ে ৫জন ব্যক্তি তাকে ছাড়তে তদবির করতে আসে। মাদক ব্যবসায়ীকে তদবির করার জন্য জামায়াতের ৪জন এবং বিএনপির ১জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।