
জয়পুরহাট প্রতিনিধিঃ-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্রগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন,বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্ভাবনাময় জমিন। ইসলামের প্রতি আবেগ ও ভালোবাসা এদেশের মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান সরকার গণ মানুষের কণ্ঠ চেপে ধরেছে। তারা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। তাদের অপরাধ হলো দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। বস্তুত সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎপরতাকে ভয় পায় ।
শনিবার জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে সকালে ভার্চুয়ালী অনুষ্ঠিত ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন । জয়পুরহাট জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় ও জেলা আমীর ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ শাহাবুদ্দীন, বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক আব্দুর রহিম সহ জেলার নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেন, সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না। ঈমান দিয়ে হয়। তাই ইসলামি আন্দোলনের কর্মীদের নৈতিক মান উন্নত করতে হবে। আমরা নিজেদের নফসকে পবিত্র করতে পারছি না। কোরআন থেকে হেদায়াত নিতে পারছি না। দ্বীনের বিজয় পেতে হলে সাহাবাদের অনুসরণ করতে হবে। জনশক্তি দায়ীত্বশীলদের মাঝে আসহাবে রাসূলের প্রতিচ্ছবি দেখতে চায়।
প্রধান অতিথি বলেন, বর্তমান আওয়ামী সরকারের করুণ অবস্থা বিরাজ করছে। তারা জামায়াতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলো। আজ তারা নিজেরাই গণ বিচ্ছিন্ন। তাদের পায়ের তলায় মাটি অবশিষ্ট নেই। দেশের ভেতর ও বাহিরে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তারা ক্ষমতায় আর টিকতে পারবে না। আগামীতে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে, ইনাশাআল্লাহ।