নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বোয়ালখালীতে পুরোনো হাটের জায়গা দখল করে সরকার দলীয়রা বানিয়েছেন তিনটি ক্লাব ও চারটি বাণিজ্যিক দোকান। ক্লাবগুলোর সাইনবোর্ডে সরকার দলীয় নেতাদের ছবিও ব্যবহার করা হয়েছে।
সরকারি জায়গা অবৈধভাবে দখল হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরান হোসাইন সজীব।
তিনি বলেছেন, সরকারি জায়গা দখল করে ক্লাব ও দোকান নির্মাণের বিষয়টি জানতাম না। যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালখালীর কালাইয়ার হাটটি প্রতি বাংলা বছরে উপজেলা প্রশাসন থেকে ইজারা দেয়া হয়। ইজারার রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়। হাটটির বর্তমান ইজারাদার মো. আবদুল ছাত্তার।
তিনি বলেন, সম্প্রতি হাটের জায়গা দখল করে ক্লাব ও দোকান নির্মাণের বিষয়ে ইউএনও অফিসে একাধিকবার অভিযোগ দিয়েছি। হাটের সরকারি জায়গায় ক্লাব করার সময় বাধা দিলেও কেউ কর্ণপাত করেনি। এ নিয়ে গত ১১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এর আগেও হাটের জায়গা দখল করে দুটি ক্লাব ও ৪টি দোকান ঘর নির্মাণ করা হয়েছে। অভিযোগ দেওয়ার পর স্থানীয় আমুচিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা হাটের জায়গা পরিদর্শন করেছেন।