
এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় অধিবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতরা হলেন-নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুর এলাকার মৃত কালা মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (৬০) এবং রহিমা বেগম নামের এক মহিলা।
এদের মধ্যে আনোয়ার হোসেন ঘটনাস্থলে এবং রহিমা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
সূত্র জানায়, সকাল ৬ টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘সকাল ৬টা ১৫ মিনিটে খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে একজনকে মৃত এবং মুমূর্ষু অবস্থায় অপর দু'জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি।
তিনি আরো জানান- তবে, আমরা পৌঁছানোর আগে তিনজনকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় অধিবাসীরা।’
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন বলেন, ‘দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। দুর্ঘটনাস্থলে একজন নিহত হন এবং হাসপাতালে অপর একজন মারা যায়।’