এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সমম্বয়ক আদনান শরীফ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ডিসি রোডের কফিল উদ্দীন জামে মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার কোটা সংস্কার আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনের দু' মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আদনান শরীফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসার সম্বনয়কের দায়িত্বে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুমাইয়া শিকদার।
পাচঁলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় আদনান শরীফ জড়িত রয়েছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে বলে ও জানান তিনি। এ জন্য তাকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আদনান শরীফের বাবা নুরুল হক জানান, রাতে পুলিশ এসে বাসা থেকে ছেলেকে ধরে নিয়ে যায়। আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোনো রাজনীতির সাথে জড়িত নন। পরিবারের সাথে বাসায় ছিলো। বুধবার দিবাগত রাতে পুলিশ কেনো তাকে ধরে নিয়ে গেলো বুঝতে পারছি না।
তিনি তার ছেলের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করেন।