এম, এ কাশেম, ব্যুরো প্রধান 'দিনকাল বিডি' চট্টগ্রাম :চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে।
২ মার্চ (শনিবার) সকালে দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
সকাল ৬ টা ৩৫ মিনিটে শারজাহ থেকে একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যথারীতি কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে তল্লাশি করে যাত্রীর একটি ব্র্যান্ডিং মেশিনের ভেতর স্বর্ণের অস্তিত্ব খুঁজে পায়। পরবর্তীতে স্বর্ণের পরিমাণ ১ কেজি ১১৪ গ্রাম বলে জানা যায়।
যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। যাত্রীর নাম শফিকুল ইসলাম পিতার নাম সিরাজুল ইসলাম, গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় বলে নিশ্চিত হওয়া গেছে।
আটক অপর যাত্রীর নাম মোরশেদ আলম, পিতা: মোঃ সোলাইমান, বাড়ি চট্টগ্রামের হাটহাজারী।
কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি করে ব্র্যান্ডিং মেশিনের ভেতর স্বর্ণের অস্তিত্ব খুঁজে পায়। যার পরিমাণ এক কেজি ১১৪ গ্রাম প্রায়। বর্তমান আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা প্রায়।
দুই যাত্রীর কাছ থেকে আড়াই কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়। যাত্রী দু'জন কাস্টমস শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থায় নেয়ার জন্য আটক অবস্থায় আছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন। উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৬২০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছিলো কাস্টমস কর্মকর্তারা। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।