মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন মোড় এসেছে। ক্লিনিকটিতে যমজ শিশুর জন্মের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। সিভিল সার্জন কার্যালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল।
গত ১৪ নভেম্বর নওগাঁর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে উদ্ধার করা নবজাতকটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠা শিশু নাও হতে পারে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তারের সিজারিয়ান অপারেশন হয়। এ সময় যমজ শিশুর জন্ম হলেও প্রসূতির স্বজনদের কাছে একটি শিশু হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দেওয়া স্মারকলিপির পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি সংশ্লিষ্ট নয়জন চিকিৎসক ও ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে গত ১৪ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে।
তদন্ত কমিটির অন্যতম সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা. এ এম রেজাউল মাহমুদ প্রতিবেদনে তাঁর লিখিত মতামতে জানান, তিনি আলোচিত প্রসূতির তিনটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও ছবি পরীক্ষা করেছেন। গত ১০ আগস্টের রিপোর্টে গর্ভে একটি সন্তান থাকার কথা উল্লেখ ছিল। ওই রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ নেই।
তবে ১২ ও ২১ অক্টোবরের দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ থাকলেও সংযুক্ত ছবির সঙ্গে রিপোর্টের কোনো মিল পাওয়া যায়নি। তাঁর মতে, যমজ সন্তান প্রমাণের জন্য একই ছবিতে দুই শিশুর মাথা, পেট কিংবা হৃদ্যন্ত্রসহ বুকের ছবি থাকা প্রয়োজন। কিন্তু ওই দুটি রিপোর্টে এমন কোনো ছবি পাওয়া যায়নি। ফলে রিপোর্ট দুটি সঠিক নয় এবং প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল বলে মত দেন তিনি।
অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন তদন্ত কমিটিকে জানান, গর্ভাবস্থার শেষ পর্যায়ে শান্তনা আক্তার তাঁর কাছে চেকআপে আসেন। এ সময় রোগীর আগের দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে একটিতে একটি এবং অন্যটিতে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। পরে পুনরায় আল্ট্রাসনোগ্রাম করানো হলেও তৃতীয় রিপোর্টেও যমজ সন্তানের কথা বলা হয়।
এরপর গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাকা ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে তিনি সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনে একটি শিশুই পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রসূতির স্বজনদের জানানো হয়। অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও বিষয়টি জানেন। এর স্বপক্ষে ভিডিও ধারণ করা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেন তিনি।
অপারেশন দলের সহকারী সার্জন ডা. মো. আব্দুল আউয়াল তদন্ত কমিটিকে জানান, অপারেশনের সময় একটি শিশু, একটি প্লাসেন্টা ও একটি নাড়ি পাওয়া যায়। শিশুটির ওজন ছিল ৩ দশমিক ৭ কেজি এবং সেটি ছিল মেয়ে। তাঁর বক্তব্য অনুযায়ী, যমজ সন্তান জন্মের ঘটনা ঘটেনি।
এদিকে বলাকা ক্লিনিকের মালিক মো. এনামুল হক দাবি করেন, প্রায় ৩০ বছর ধরে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসছে। একটি মহল যমজ শিশুর ঘটনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর যথাযথ তদন্ত ছাড়াই তাঁর বিরুদ্ধে মামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, গত ১২ নভেম্বর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে পুলিশ যে শিশুটিকে উদ্ধার করেছে, সেটি ওই গ্রামের এক ব্যক্তি দত্তক নিয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন। মামলার আসামি হওয়ায় বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তদন্ত প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়ে তাঁকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত আরও সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে কমিটির সদস্যরা আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। কমিটির দাখিল করা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ তাঁরাই নেবেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে উদ্ধার করা শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠা শিশু নাও হতে পারে। শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন। এ জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে পরীক্ষা সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, আদালতের মাধ্যমে প্রকৃত অভিভাবকেরা শিশুটিকে গ্রহণ করতে পারবেন। প্রকৃত বাবা-মায়ের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে।