
সোহাগ উদ্দিন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় দুইজন নারীসহ ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার হদ্দেরভিটা গ্রামের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার(৩০), উপজেলার নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম(২৮), ময়মনসিংহ সদর চুরখাই জামতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), ময়মনসিংহ গন্ডখোলা গ্রামের সোহেল মিয়া(৩২) এবং ঈশ্বরগঞ্জের মৃত মিয়া হোসেনের ছেলে আলতাব হোসেন (৬০) ও একজন মহিলা অজ্ঞাত রয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর থেকে ঢাকা গামী এস এস ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১২-০৫২৩) বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে চাকা পাংচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল আটটার দিকে লাবিব গার্মেন্টের পোশাক শ্রমিকরাও ঐ স্থানে বাসের জন্য অপেক্ষায় ছিলেন।
এসময় পেছন থেকে রাসেল স্পিনিং মিলের রাব্বী-সেতু (ঢাকা মেট্রো-জ ১৪-১০০৪)ঘাতক পরিবহন দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত এবং উপজেলা হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয় এবং আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ওসি মাঈন উদ্দিন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।