
গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামীলীগ ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। এ আসনে বর্তমান সংসদসহ আওয়ামীলীগের হেভী ওয়েড একাধিক ভিআইপি মনোনয়ন প্রত্যাশী াকায় দলটির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা করছে সাধারণ ভোটাররা। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে অনিহা এবং নানা কারণে ঝিমিয়ে পড়া নেতা কর্মীদের উজ্জীবিত করতে তৎপর হয়ে উঠেছে প্রাচীনতম এ দলটির স্থানীয় শীর্ষ নেতারা।
দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠনে দীর্ঘ সূত্রিতা, কমিটি গঠনে কাংক্ষিত পদপদবি বঞ্চিত এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক দলীয় প্রার্থীর অংশ গ্রহণ নিয়ে এ আসনের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ করছে। তবে সাম্প্রতিক সময়ে ওর্য়াড থেকে উপজেলা পর্যন্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের মেয়াদ উর্ত্তীণ কমিটি গুলো বিলুপ্ত করে নতুন কমিটি গঠন শুরু করার ফলে নিজেদের মধ্যে থাকা ক্ষোভের কিছুটা বরফ গলতে শুরু করেছে।
রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ক্যালেন্ডার মতে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন ২০২২ সালের প্রথম দিকে নিজেকে প্রার্থী ঘোষণা দেন।
এরপর তিনি মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত ও নানা কারণে বিভিন্ন সময় আওয়ামীলীগে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি হিসেবে পরিচিত মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু ও তার কয়েকজন অনুসরীকে নিয়ে লিফলেট বিতরনসহ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে গন-সমাবেশ করে আসছেন। অপর মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ এবং মানবাধিকার কর্মী ড. আকরাম হোসেন চৌধুরী মাঝে মধ্যে বিচ্ছিন্ন ভাবে গত কয়েক মাস ধরে স্থানীয় আওয়ামী লীগের বিতর্কিত কতিপয় নেতার সঙ্গে গাট ছাড়া বেধে গন-সমাবেশ করছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব এনামুল কবীর নিজেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে এ আসনের বিভিন্ন স্থানে বিলবোর্ড এবং পোস্টার লাগানোর মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান মজবুত হলেও মনোনয়ন প্রত্যাশীদের সমাবেশ গুলোতে দলটির নেতাকর্মীর উপস্থিত থাকা এবং না থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ বাড়ছে।
মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম নূরানী আলাল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর রয়েছে। তৃণমূল থেকে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের ১৮ টি ইউনিয়নের ২৯৯ টি ওর্য়াড কমিটি গঠন প্রায় শেষ পর্যায়ে। তৃণমুল পর্যায়ের নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক কমিটি গঠন করা হচ্ছে। ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদনসহ দলটির স্থানীয় শীর্ষ পর্য়ায়ের নেতারা উপস্থিত থাকছেন।
ফলে এ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান আগের যে কোন সময়ের চেয়ে অনেক মজবুত হিসেবেই দেখছেন দলটির তৃণমূলের নেতা-কর্মীরা। চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের আমলে এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মডেল মসজিদ, মন্দির, মাদ্রাসা, নতুন নতুন রাস্তা ঘাট, মহাদেবপুরের আত্রাই নদী ও বদলগাছীর ছোট যমুনা নদীর ওপর একাধিক ব্রীজ নির্মাণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় বারের মতো এ আসনে সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যে জমি ক্রয় করে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় নির্মাণ করেন। আসন্ন নির্বাচনে এ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে এ আসনেও ব্যপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
যার সুফল পাচ্ছে এলাকাবাসী। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই জননেত্রী শেখ হাসিনা আবারো তাকেই নৌকা প্রতিক দিবেন এবং এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এআসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতিক যাকেই দিবে তাকেই বিজয়ী করা হবে বলে এ আসনের ৪ ভিআইপি মনোনয়ন প্রত্যাশীরা জানান।