আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদক সেবনের দায়ে একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১ ঘটিকায় উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ মঞ্জুরুল আলম (৪৬), পিতা: মৃত লুৎফর রহমান, গ্রাম: দুর্লভপুর।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা একটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এসআই মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় পুলিশ সদস্য সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।