
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় সাদিয়া আক্তার নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ১৬বছর বয়সী সাদিয়া একই এলাকার শাহাদাৎ হোসেনের মেয়ে। সে চলতি বছর ভাগনগরকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয়রা ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানায়, ছয়-সাত মাস আগে পাশ্ববর্তী এলাকায় সাদিয়ার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের দুই দিনের মাথায় তার সংসার ভেঙ্গে যায়। তারপর থেকেই সাদিয়া মানসিক অশান্তিতে ছিল। সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সাদিয়া । পরে মঙ্গলবার সকালে তার কোনও সারাশব্দ না পেয়ে দরোজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।