
আন্তর্জাতিক ডেস্ক: কর্নাটকে গণধর্ষণের শিকার হয়েছেন এক ইজরায়েলি তরুণী। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরু থেকে ৩৫০ কিলোমিটার দুরে হাম্পির কাছে কোপ্পালে তুঙ্গভদ্রা নদীর খালের ধারে সঙ্গীদের নিয়ে তারা দেখতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় হোম স্টের মালকিন এবং আরও তিন পর্যটক। তাঁদের কেউ মহারাষ্ট্রের বাসিন্দা, কেউ ওড়িশার বাসিন্দা, কেউ আবার থাকেন আমেরিকায়। কিন্তু সেই রাতেই গণধর্ষণ করা হয় দুই তরুণীকে (এক জন স্থানীয় হোম স্টের মালকিন)। মারধর করা হয় তিন যুবককে। ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় খালে।
শনিবার সকালে, মূল ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে যাওয়ার পর খাল থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের মরদেহ। এখনও তিন অভিযুক্তের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কোপ্পালে ঘুরতে গিয়েছিলেন আমেরিকার ড্যানিয়েল এবং ইজরায়েলের ওই তরুণী। একই হোম স্টেতে উঠেছিলেন মহারাষ্ট্রের পঙ্কজ এবং ওড়িশার বিভাস। নিঝুম রাতের সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলেন তাঁরা। সেই ইচ্ছার কথা হোম স্টের তরুণীকে জানালে রাত সাড়ে ১১টা দিকে তিনি চার পর্যটককে নিয়ে যান তুঙ্গভদ্রা লেফ্ট ব্যাঙ্ক ক্যানালের ধারে।
ধর্ষিতা দুই তরুণী অভিযোগপত্রে জানিয়েছেন, বাইকে করে তিন জন যুবক এসেছিলেন তাঁদের কাছে। তাঁরা প্রথমে জানতে চান, নিকটবর্তী পেট্রোল পাম্প কোন দিকে আছে। তা বলে দেওয়া হলে ওই যুবকেরা ১০০ টাকা করে দাবি করেন পর্যটকদের কাছ থেকে। কেউ টাকা দিতে চাননি। এর পরেই বাইক থেকে নেমে পর্যটকদের উপর ঝাঁপিয়ে পড়েন তিন জন। বেধড়ক মারধর করা হয় আমেরিকান যুবককে। বাকিরাও মার খান। পঙ্কজ, ড্যানিয়েল এবং বিভাসকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়া হয়।
পঙ্কজ এবং ড্যানিয়েল সাঁতার জানতেন। তাঁরা কোনও রকমে সাঁতরে পারে উঠে এসেছিলেন। কিন্তু বিভাস তলিয়ে যান। শনিবার সকালে ঘটনাস্থলের অন্তত দু’কিলোমিটার দূরে তাঁর মরদেহ পাওয়া যায়। যুবকদের পানিতে ফেলে দেওয়ার পর তিন যুবক মিলে একে একে দুই তরুণীকে ধর্ষণ করে বাইকে করে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ইজরায়েলি তরুণী এবং হোম স্টের মালকিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর করেছে পুলিশ। অভিযুক্ত তিন জনের খোঁজ চলছে। কোপ্পালের এসপি রাম এল আরাসিদ্দি জানান, একটি বিশেষ দল গঠন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দ্রুত অভিযুক্তরা ধরা পড়বেন বলে আশাবাদী তিনি।