নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পরকীয়া ও পারিবারিক বিরোধের জেরে শ্যালকের ধারালো হাসুয়ার কোপে গুরুতর আহত দুলাভাই মামুনুর রশিদ মামুন (৩৮) মারা গেছেন। টানা তিন দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া অভিযুক্ত ঘাতক শ্যালক ইসমাইল হোসেনকে নদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত মামুন উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে। পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্যালক ইসমাইল একজন মাদকসেবী। প্রায় ১০ বছর আগে মাদক মামলায় কারাগারে যান ইসমাইল। সে সময় ইসমাইলের স্ত্রীর সঙ্গে দুলাভাই মামুনের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ইসমাইল জেল থেকে বের হয়ে বিষয়টি জানতে পারলে দুই পরিবারের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বৈঠকও হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধের মধ্যে সম্প্রতি ইসমাইল তার দুলাভাই মামুনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছিলেন। একই সঙ্গে একটি নির্মাণাধীন বাড়ি নিজের নামে লিখে দেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছিলেন।
এসব বিরোধের জের ধরে গত শনিবার (১৫ আগস্ট) ভোরে শামুকখোল গ্রামের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যান মামুন। নামাজ শেষ হওয়া মাত্রই আগে থেকে হাসুয়া হাতে ওত পেতে থাকা ইসমাইল ভেতরে ঢুকে দুলাভাই মামুনের ওপর অতর্কিত হামলা চালায়। ইসমাইলের এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন মামুন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে মারা যান তিনি। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী ও অভিযুক্ত ইসমাইলের বোন নেহেরা খাতুন বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ”জখম ব্যক্তির মৃত্যুর পর পূর্বের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাইল পলাতক ছিল। পরবর্তীতে পার্শ্ববর্তী মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে।”
এদিকে অভিযুক্তকে আটকের বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, বুধবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জ ব্রিজ এলাকায় আত্রাই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ইসমাইল। তখন স্থানীয়রা ধাওয়া দিলে মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।