
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন প্রভাষক মোঃ রুহুল আমিন। স্হানীয় ভাবে অনুষ্ঠিত দলীয় নির্বাচনে তিনি বিজয়ী হয়ে দলীয় প্রার্থী হয়েছেন। ইতোমধ্যে তফসিল ঘোষিত হয়েছে এবং আগামী ২৯ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে পার্বতীপুর পৌর স্টেডিয়াম মাঠে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রুহুল আমিন (সাইকেল মার্কা) ৩৩৩ ভোট পেয়ে দলীয় ভাবে মনোনীত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজহারুল ইসলাম রাজা (ছাতা মার্কা) ভোট পেয়েছেন ৮০ টি।
ভোট গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।
এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। এই ভোটদান প্রক্রিয়ায় মোট ভোটার ছিলো ৪৩১ জন এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪১৩ জন। দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।