
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘ দিন ধরে রেলওয়ে এরিয়া অপারেটিং ম্যানেজারের পদ শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে,দেশের বৃহত্তর রেলওয়ে জংশন পার্বতীপুর সহ আশেপাশের রেলওয়ে এলাকার কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সৃষ্ট রেলওয়ে এরিয়া অপারেটিং ম্যানেজার পদটি দীর্ঘ দিন ধরে শূন্য অবস্থায় পড়ে রয়েছে। এরিয়া অপারেটিং ম্যানেজার না থাকায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মে অবস্হিত রেলওয়ে এরিয়া অপারেটিং ম্যানেজারের কক্ষটি তালা বদ্ধ করে রাখা হয়েছে। ফলে রেলওয়ের এই এলাকার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে পার্বতীপুরের মতো একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনে রেলওয়ে ট্রাফিক বিভাগের এ ধরনের একটি পদ শূন্য থাকায় কাজের জটিলতা দেখা দিয়েছে। জংশনের কোন সমস্যা দ্রুত সমাধানের জন্য এ ধরনের একজন কর্মকর্তার প্রয়োজনীয়তা রয়েছে।
জানা যায়,চার লাইনের সংযোগস্থল দেশের বৃহৎ এই রেলওয়ে জংশন দিয়ে বেশ কয়েকটি আন্তঃনগর ও লোকাল ট্রেনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করে থাকেন। দিন-রাত সর্বক্ষনিক ট্রেন যাত্রীদের পদচারনায় মুখরিত এতো বড় একটি রেলওয়ে জংশনের দায়িত্বশীল কর্মকর্তার পদটি দীর্ঘ দিন ধরে শূন্য। একটি নির্ভরশীল সূত্র থেকে জানা গেছে,জংশনটিতে একজন গ্রেড-১ স্টেশন মাষ্টারের পদ থাকলেও এখানে কোন গ্রেড-১ স্টেশন মাষ্টার নেই। সেই সাথে অনেক কর্মচারীর পদও শূন্য রয়েছে।
পার্বতীপুরে রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার না থাকার ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেলওয়ে পাকশী বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন,প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা না থাকার কারণে এরিয়া অপারেটিং ম্যানেজারের শূন্য পদটি পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা পাওয়া গেলে পদায়ন করা হবে