এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম–১০ আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গতকাল বুধবার বিকাল ২টার পর থেকে নগরীর ১২ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি আসরাফ আলী রোড, লাকী হোটেল এলাকা, বেলুয়ার দিঘী এলাকা, পাহাড়তলী কাঁচা বাজার, প্রাণ হরিদাস রোড, পদ্মপুকুরপাড়, মৌসুমী আবাসিক এলাকা, পানির কল, বাচামিয়া রোড, আবুল বিড়ি ফ্যাক্টরি ও ঈদগাঁ কাঁচা বাজারসহ ১২টি স্থানে পথসভা করেন।
পথসভায় মোহাম্মদ মনজুর আলম ফুলকপি মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচন স্বচ্ছতার ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করতে পারবে। আমি আশা করি প্রশাসন ও নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রেখে জনগণের ভোটাধিকার
নিশ্চিত করবে। প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকায় থাকলে নির্বাচন অর্থবহ হবে। আমিও শতভাগ সফল হবো এ আশা পোষণ করি। মনজুর আলম বলেন, দেশ সবার উপরে, দেশের শান্তি ও স্থিতিশীলতার উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করে। সকলপক্ষ আন্তরিক হয়ে নির্বাচনকে অর্থবহ করবেন এটাই আমার প্রত্যাশা।