
এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী ‘ছাত্রলীগ ক্যাডার’ শফিকুল ইসলাম সম্রাটকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত সম্রাট ফেনী সদরের শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা ছয়টি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সম্রাটের গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে শটগান হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে সম্রাটকে শনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ও জানান দেন ওসি।