মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মামুনুর রশিদ ফেরদৌস নামের এক শিক্ষককে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ডু। দন্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক।
জানা গেছে, আজ মঙ্গলবার পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসায় আলিম আরবী দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন। এসময় ওই কেন্দ্রের ট্যাক অফিসার ও উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করে এবং মোবাইল ফোনটি জব্দ করে। এখবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু ঘটনাস্থলে গিয়ে তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।