আনিসুর রহমান স্টাফ রিপোর্টার:
নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ শিমুল আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নের জিগরী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে জিগরী গ্রামের মোঃ মমিন উদ্দিনের ছেলে শিমুল আলীকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাগাতিপাড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নাটোর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।