
বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের কুখ্যাত মামলাবাজ সালমা বেগম এর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসি। রবিবার বিকেলে গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আলিপুর ও কৃষ্ণপুর গ্রামের কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। গ্রামবাসি কৃষ্ণপুর গ্রামের মামলাবাজ সালমা বেগমের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ শেখ, সাবেক পুলিশ সদস্য ইউসুফ মোল্লা, ইলিয়াস শেখ, সোহেল খান, কিবরিয়া খান, আরশাদ আলী খান, গ্রাম চৌকিদার জাফর খানসহ দুই গ্রামের অসংখ্য নারী ও বৃদ্ধা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ভুক্তভোগী আরশাদ আলী খান নওশেদ খান ও সোহেল খান বলেন, সালমা বেগম একজন মামলাবাজ মহিলা। সে এলাকার বিভিন্ন মানুষকে অহেতুক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা করে এবং মীমাংসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সে গজালিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোস্তফা খানের স্ত্রী। সে আর তার স্বামী মোস্তফা খান এলাকার সাধারন মানুষের মিথ্যা মামলা দিয়ে অতিষ্ঠ করে তুলেছে। আমরা গ্রামবাসিরা সালমা ও তার স্বামীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই।#