বাগেরহাট প্রতিনিধি ।।
ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই দেশের বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এর প্রভাব পরেছে উপকূলীয় জেলা বাগেরহাটেও। একদিনের ব্যবধানে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। যার ফলে বিপাকে পরেছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।
এমন অবস্থায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কালোবাজারি, মজুতদার ও বেশি দামে বিক্রিকারীদের রুখতে বাগেরহাট শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১০ ডিসেম্বর) বিকালে বাগেরহাট শহরের কাঁচা বাজার ও পিয়াজপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় কম টাকায় পেঁয়াজ কিনে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে তিন ব্যাসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান , অতিরিক্ত দামে পিয়াজ বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকলকে পেয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টানিয়ে দিতে বলা হয়েছে। প্রতি কেজি পিয়াজে সর্বোচ্চ ১০ টাকা লাভে ব্যবসায়ীদের পিয়াজ বিক্রি করতে বলা হয়েছে। বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, অভিযানের খবরে প্রতি কেজি পিয়াজের দাম নেমে আসে ১৫০ থেকে ১৬০ টাকায়। বেশিরভাগ দোকানি ক্রয় মূল্যের পরে কেজি প্রতি ১০ টাকা লাভে পিয়াজ বিক্রির অঙ্গিকার করেন। অথচ অভিযান শুরুর আগেও, ১৮০ থেকে ২৪০ টাকা দরে পিয়াজ বিক্রি হয়েছে এই বাজারে। বাগেরহাট শহরের বাইরে অন্যান্য উপজেলা সদর ও বিভিন্ন বড় বাজারে ১৮০ থেকে ২৪০ টাকা কেজি পিয়াজ বিক্রির খবর পাওয়া গেছে।#