
নিজস্ব প্রতিবেদক:
নেতাদের জড়িয়ে মনগড়া ষড়যন্ত্র মূলক মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে নিজেদের নির্দোষ দাবী করে সংবাদ সম্মেলন করেছে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি।
সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর পৌর বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, সোমবার (০৯ সেপ্টেম্বর) দৈনিক যুগান্তরের তৃতীয় পৃষ্ঠায় বিএনপিকে জড়িয়ে “গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রনে কমিটি গঠন বিএনপির” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে আমাকে ওই কমিটির সমন্বয়ক উল্লেখসহ জেলা, উপজেলা এবং পৌর বিএনপির পদধারী নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়। সংবাদে বিভিন্ন কারখানা থেকে ঝুট বাণিজ্যের কথাও বলা হয়েছে। এতে আমার তথা দলের সম্মানহানী হয়েছে। আমি এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওইসব ঘটনার বিষয়ে আমি তথা পৌর বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।
তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা গণমাধ্যমের সাংবাদিকদেরকে মিথ্যা, বানোয়াট, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। এ ধরনের মিথ্যা তথ্যে ভরপুর, মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত স্বৈরাচার সরকারের প্রেতাত্মাদের দোসররা বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। দৈনিক যুগান্তরে ঝুট নিয়ন্ত্রণে কমিটি গঠন বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বিভ্রান্তকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ, সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, অ্যাডভোকেট আহসান কবির, যুগ্ন সম্পাদক শাহজাহান সজলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।