স্টাফ রিপোর্টার:
নওগাঁর মহাদেবপুরে নানানভাবে বায়ু দুষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্বেগ জনক হারে বাড়ছে বায়ু দুষণ রোগ। বায়ু দুষণ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা গুলো রয়েছে নিরব দর্শক। উপজেলা শহরের চারিপাশে গড়ে ওঠা ইটভাটার কালো ধোঁয়া, বয়লার চাতালের ছাই ও যানবাহনের কালো ধোঁয়া এবং রাস্তার উড়ন্ত ধুলাবালিতে জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়েছে।
ওইসব প্রতিষ্ঠান ও যানবাহনের কালো ধোঁয়া এবং রাস্তার ধুলাবালিতে বায়ু দুষিত হওয়ার ফলে উপজেলা শহরসহ গ্রামগঞ্জে এ সংক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগ জনক হারে বাড়চ্ছে। বছরের পর বছর ধরে ওইসব প্রতিষ্ঠান ও যানবাহনের কালো ধোঁয়ায় এলাকার আকাশ বাতাস ভারি করে তুললেও সংশ্লিষ্ট দপ্তর গুলোর নিরবতা নিয়ে জনমনে নানান প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, কোন পর্যবেক্ষন এবং পরিদর্শন ছাড়াই নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ অদৃশ্য শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে অফিসে বসেই জেলার বায়ু দুষণকারী ইটভাটা, বয়লার চাতাল, মিল কল কারখানার পরিবেশের ছাড়পত্র দিয়ে থাকে। এদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন করে দেয়া বি আর টি এর নিয়ন্ত্রণাধীন ফিটনেস বিহীন লক্কর ঝক্কর যাত্রীবাহী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন অবাদে জেলার বিভিন্ন সড়কে চলাচল করলেও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা আছে চোখ বন্ধ করে।
অপর দিকে উপজেলার সদরসহ গ্রামগঞ্জের রাস্তা গুলো দিয়ে প্রকাশ্য দিবালোকে অবৈধ যানবাহন ট্রাক্টর এবং দশ চাকার ড্রাম ট্রাকের মাধ্যমে মাঠের তিন ফসলী ধানী জমিতে ভেক্যু মেশিন দিয়ে খননকৃত মাটি এবং বালি বহন করছে স্থানীয় ইটভাটা মালিক এবং কতিপয় ঠিকাদার। মাটি ও বালি পরিবহনের সময় যানবাহন গুলোর পিছনের ডালা খুলে রাখাসহ মাটি-বালি ঢেঁকে রাখতে ত্রিপাল ব্যবহার করা হয়েছে না। ফলে ওইসব যানবাহন থেকে মাটি ও বালি রাস্তায় পড়ে থাকায় বর্ষা মৌসুমে কাদা এবং খরা মৌসুমে ধুলাবালিতে সয়লাব হচ্ছে রাস্তা।
উপজেলায় বায়ু ও পরিবেশ দূষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ খুরশিদুল ইসলাম বলেন, বায়ু দুষনে মানবদেহে শ্বাসকার্যে ব্যাঘাত, এলার্জি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, ফুসফুসে ক্যান্সারসহ এ সংক্রান্ত রোগ উদ্বেগ জনক হারে বৃদ্ধি পাচ্ছে। নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিঞার সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।