
স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ঘটনার প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল ১৩ নভেম্বর সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ও এসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার বারবাকপুর গ্রাম থেকে ঘাতক মোজাম আলীকে গ্রেফতার করে। গত ১১ নভেম্বর শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকগবিন্দ গ্রামের ছানা উল্লাহ"র পুত্র আব্দুস ছালাম (৫৫) তার বাড়ির পাশের রাস্তায় বসে সংসারের কাজ করছিল। এসময় প্রতিবেশী আজিম উদ্দিনের পুত্র মোজাম আলী (৫০) পুর্ব বিরোধের জের ধরে আব্দুস ছালামকে ছুরিকাঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় মোজাম আলী ও তার স্ত্রীসহ অজ্ঞাত নামা ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।