
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ছিনতাইকৃত অটোরিকশা-সহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই করা অটোরিকশা-সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ শিমুল (২৪), সে রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা গ্রামের মোঃ শামসুল হকের ছেলে, মোঃ আকতার হোসেন (৩৫), সে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর এলাকার মোঃ আঃ সাত্তারের ছেলে ও মোঃ সিহাব (২৬), সে একই থানার শ্যামপুর থান্দারপাড়া এলাকার মৃত পলান আলীর ছেলে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মোঃ সোহাগ বাবু একজন অটোরিকশা চালক। সে গত মাসের ৩১ জানুয়ারি সন্ধ্যায় তিনজন যাত্রী নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হতে আশরাফের মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। সে আশরাফের মোড়ের কাছে পৌঁছালে গ্রেফতার তিনজন যাত্রী তাকে থামিয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে ৪জন মিলে অটোরিকশা চালক সোহাগকে কিল-ঘুষি মেরে অটোরিকশা-সহ তার কাছে থাকা ১৫শত টাকা ও ১টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। রিকসাচালক সোহাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানায় একটি মামলা রুজ হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শিমুল ও আকতারকে গ্রেফতার করেন কাটাখালী থানার এসআই আঃ রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স । এসময় আসামিদের কাছ থেকে সোহাগের ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের সহযোগী শিহাব-সহ অপর আসামিদের নাম প্রকাশ করে। এদিকে শিহাব একটি মামলার ওয়ারেন্টমূলে কাটখালী থানায় পূর্ব থেকেই আটক ছিল। আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য আসামি শিমুলের বিরুদ্ধে পবা থানায় ১টি এবং সিহাবের বিরুদ্ধে কাটাখালী থানায় ৩ টি মামলা রয়েছে।