নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোতবাজার ঋষি পল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজয় কুমার প্রামানিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ২২০ লিটার চোলাইমদ তৈরির ওয়াশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বিজয় কুমার প্রামানিক জোতবাজার ঋষি পল্লীর যোগেন্দ্রনাথ ঋষির ছেলে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাইমদ তৈরির উপকরণসহ বিজয় কুমার প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।