মান্দা (নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় একতা প্রতিরোধ কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সতীহাটের ইজারাদার কর্তৃক বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মন্ডলকে লাঞ্চিত করার বিচার ও নির্ধারিত টোলহারে টোল আদায়ের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট (গরুর হাটে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে কৃষক নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং একতা প্রতিরোধ কমিটির সভাপতি আফাজ উদ্দিন মুন্সি’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাঃ এসএম ফজলুর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কমরেড সেকেন্দার আলী, বাংলাদেশ কৃষক সমিতির মান্দা উপজেলা শাখার সভাপতি কমরেড হাফিজুর রহমান, নওগাঁ জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ইরাক মাহমুদ,ক্ষেতমজুর নেতা আমজাদ হোসেন,মাওঃ মকবুল হোসেন জিহাদী এবং বিশিষ্ট ধান ব্যাবসায়ী হুমায়ন কবির মঞ্জু প্রমূখ। এসময় কমরেড আলাউদ্দিন, খোরশেদ আলম, মোহসীন আলী, আবুল হোসেন, আব্দুল কুদ্দুস, মোসলেম আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিপিবি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ,স্মারকলিপি প্রদানসহ লড়াই সংগ্রাম করে আসছে। এরই ধারবাহিকতায় সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবীতে গত ২০১৬ এ সালে কমিটি গঠিত হয়। সেসময় থেকে অধ্যবধি তারা অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন। আগামীতে আরো বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।