
জেলা প্রতিনিধি, জামালপুর :
জমি সংক্রান্ত বিরোধে জামালপুরের মেলান্দহে প্রয়াত যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার ছেলে বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার (২০ নভেম্বর) উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজার সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বীরমুক্তিযোদ্ধার স্ত্রী খুকি বেওয়া (৭০), ছেলে জগলুল হক (৪৫) ও তার মেয়ে মাজেদা খাতুন (৩২)।
মামলা সূত্রে জানাগেছে, দীর্ঘ দিন যাবৎ যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা প্রয়াত কামাল উদ্দিনের পরিবারের সাথে প্রতিবেশী শাহজাহান আলীর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার (২০ নভেম্বর) বেলা ১টার দিকে প্রতিবেশী যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা প্রয়াত কামাল উদ্দিনের বাড়ীতে গিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় শাহজাহান ও তার পরিবারের লোকজন। হামলায় গুরুতর আহত অবস্থায় বীরমুক্তিযোদ্ধার স্ত্রী খুকি বেওয়া (৭০), ছেলে জগলুল হক (৪৫) ও তার মেয়ে মাজেদা খাতুন (৩২) কে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এঘটনায় যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা প্রয়াত কামাল উদ্দিনের ছেলে ফজলুল হক বাদী হয়ে সাত জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামী করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, ঘোষেরপাড়া ইউনিয়নের বংশী বেলতৈল এলাকার মৃত সদা মন্ডলের ছেলে শাহজাহান (৫৫), শাহজাহানের ছেলে মো: ফারুক (৩২), আমেজ উদ্দিনের ছেলে আলতাফুর রহমান (৬০), শাহজাহানের স্ত্রী মোছা: ফাতেমা বেগম (৫৫), মো: ফারুকের স্ত্রী মোছা: লাকী বেগম (২৭), আলতাফুর রহমানের মেয়ে মোছা: ইভা বেগম (২৫), ঘোষেরপাড়া এলাকার মো: কাজিমদ্দিনের মেয়ে মোছা: মমতা বেগম (৩৮)।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। #