এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকের কল্যাণে দেশে ভাইরাল হওয়া ‘মুরুব্বি মুরুব্বি, উঁহু উঁহু’ মন্তব্য করায় ক্ষিপ্ত এক বৃদ্ধের ছোট ভাইয়ের স্ত্রী গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে কিশোরীর সমস্ত শরীর।
ঘটনা টি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নে।
সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বাস্তবিক জীবনে, পোস্টে বা কমেন্ট বক্সে হরহামেশাই দেখা মিলে ওই রকম একটা উক্তি।
তবে, প্রতিবেশী এক বৃদ্ধকে মজার ছলে বলতে গিয়ে বিপাকে পড়েছে ১৩ বছরের এক কিশোরী। রাগের বশে পাতিলের গরম পানি ঢেলে দিয়েছেন ওই বৃদ্ধের ছোট ভাইয়ের স্ত্রী। এতে পুড়ে গেছে কিশোরীর শরীরের বিভিন্ন অংশ।
এমন-ই বর্বরোচিত ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জুঁইদণ্ডী ইউনিয়নের ওয়াজের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দগ্ধ পপি আক্তারের স্বজনরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী।
তবে, ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটলেও কিশোরীর পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে ধামাচাপার চেষ্টার অভিযোগ ও তোলেন আহতের স্বজনরা।
আহত পপি একই এলাকার মৃত বিজলী আক্তারের মেয়ে। ছোটবেলায় মা-বাবা দু'জনই মারা যাওয়ার পর জুঁইদণ্ডীর নানার বাড়িতে মামার কাছে থাকতো সে।
আহত কিশোরী পপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সথে লড়ছে জানিয়ে মামা মোঃ দিদারুল আলম বলেন, ‘বাবা-মা হারা কিশোরী পপি আক্তার বাড়ির উঠানে বন্ধুদের সাথে খেলছিলো। এমন সময় তার নানা–সম্পর্কিত এয়ার মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধকে দুষ্টুমির বশে “মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু” বলে। এটি বলার কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের স্ত্রী সাহারা খাতুন (৫৫) এসে তার শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।’
এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনির হোসেন।
তিনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান দেন।