জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে ঢাকাগামী বেগুনভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ট্রাকের হেল্পার সহ একজন পথচারী গুরুতর আহত হয়। সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহাজাতপুর এলাকায় দেওয়ানগঞ্জ - জামালপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মেলান্দহ ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল লতিফ এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
আহত হেল্পার মোবারক হোসেন (১৭) ইসলামপুর উপজেলার কামারের চর গ্রামের মো. শহিদুলের ছেলে। আহত পথচারী ফরহাদ (২৫) একই উপজেলার সাহাজাতপুর এলাকার মো. বাদশা শেখের ছেলে। ফরহাদ মেলান্দহ বিএডিসি সার গুদামে কুলির কাজ করেন।
মেলান্দহ ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল লতিফ জানান, ইসলামপুর উপজেলার কামারের চর এলাকা থেকে বেগুনভর্তি একটি ট্রাক ঢাকা কাওরানবাজার যাবার পথে মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ - ঢাকা মহাসড়কের সাহাজাতপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারালে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কালেগে পার্শ্ববর্তী একটি বাড়ির খড়ের গাঁদার সামনে উল্টে যায়। এতে ট্রাকের হেল্পার সহ একজন পথচারী আহত হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়।
মেলান্দহ থানার সেকেন্ড অফিসার ও উপ পরিদর্শক (এস আই) আতিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনা কবলিত ট্রাক, ট্রাকের মালামাল ও ট্রাকের কাগজ পত্র উদ্ধার করা হয়েছে। এ দূর্ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান আছে।