মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী রানার্স কমিউনিটির আয়োজনে রাজশাহী হাফ ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হওয়া ম্যারাথনটি কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। রাজশাহী মহানগীর ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি গ্রিন ও ক্লিন রাজশাহী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করতে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।