মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা) আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও সাংবাদিকরা। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট ও আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীকে গ্রীন সিটি, ক্লিন সিটি হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ বাড়াতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।#