রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু এমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর উপজেলা পরিদর্শন কক্ষে এই মতবিনিময় সভা করা হয়।
রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় রাণীনগরে কর্মরত তিনটি সাংবাদিক সংগঠন রাণীনগর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং প্রেসক্লাব রাণীনগরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এলাকার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজাক্কির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।