রাণীনগর,নওগাঁ প্রতিনিধি
শীতের শুরুতেই টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নওগাঁর রাণীনগর উপজেলার ইটভাটাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ভাটার মাঠে শুকানোর জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইটভাটার মালিকরা। পাশাপাশি কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ভাটায় কর্মরত দিনমজুর ও শ্রমিকরা।
জানা যায়, শীত মৌসুমকে সামনে রেখে ইট উৎপাদনের প্রস্তুতি নিচ্ছিলেন ভাটার মালিকরা। অনেকেই কাঁচা ইট তৈরি করে পোড়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কেউ কেউ ভাটায় আগুনও জ্বালিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠে থাকা অধিকাংশ কাঁচা ইট ভিজে নষ্ট হয়ে যায়। ফলে বন্ধ হয়ে পড়ে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম।
ভাটার দিনমজুর মোঃ মেকতাউল ফকির বলেন, গত তিন দিন ধরে আমি বাসায় বসে আছি। ভাটায় কাজ করে আমার সংসার চলে। কিন্তু প্রতিদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কাজ করতে পারছি না। কাজ করে পরিবারের খরচ চালাতে হয়, পাশাপাশি প্রতি সপ্তাহে কিস্তিও পরিশোধ করতে হয়। শুধু আমারই ক্ষতি হয়নি, ভাটার মালিকেরও অনেক ক্ষতি হয়েছে।
অন্যদিকে, দিনাজপুর থেকে রাণীনগরে এসে ইটভাটায় কাজ করছেন শ্রমিক গৌরাঙ্গ। তিনি বলেন, আমরা এখানে ৪৭ জন ইট কাটার কাজ করি। কিন্তু বৃষ্টির কারণে কেউই কাজ করতে পারছি না। ভাটার মাঠে তৈরি করে রাখা কাঁচা ইটগুলো প্রায় সবই নষ্ট হয়ে গেছে। এতে মালিকের অনেক বড় ক্ষতি হয়েছে। মালিকের ক্ষতি মানে আমাদেরও ক্ষতি। আমরা কাজ না করলে খাব কী, কীভাবে সংসার চালাব? আমাদের প্রত্যেকের বাড়িতেই কিস্তি রয়েছে। কাজ বন্ধ থাকায় আমরা সবাই দুশ্চিন্তায় আছি।
এ বিষয়ে রাণীনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার শাহ বলেন, আমাদের সমিতির আওতায় মোট ছয়টি ইটভাটা রয়েছে। সব ভাটার মালিকই নতুন মৌসুমে ইট পোড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন। দুই-একটি ভাটায় আগুনও দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের কারণে টানা তিন দিনের বৃষ্টিতে আমাদের তৈরি করা কাঁচা ইটগুলো নষ্ট হয়ে গেছে। এতে চলতি মৌসুমে আমরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ব।
তিনি আরও বলেন, “এই ক্ষতি আমাদের মালিকদের। এর প্রভাব কোনোভাবেই গ্রাহকদের ওপর পড়তে দেওয়া হবে না। ইট নষ্ট হওয়ার কারণে ইটের দাম বাড়ানো হবে না বলে আমরা মালিক সমিতির পক্ষ থেকে কথা দিচ্ছি। কোনো গ্রাহক যেন বাড়তি দামের কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি আমরা নিশ্চিত করব।
সব মিলিয়ে, মৌসুমের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগে ইটভাটার কাঁচা ইট নষ্ট হওয়ায় একদিকে যেমন মালিকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে কাজ হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক শ্রমিক। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব শ্রমিকের পরিবারে এখন সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা।
প্রকৃতির বিরূপ আচরণে ইটভাটার মালিকদের আর্থিক ক্ষতির পাশাপাশি শ্রমিকদের জীবিকায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট সবাই।