
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
স্বাধীনতার শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। শুক্রবার মহান বিজয় দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে জাতির পিতার অবদান গোটা বিশ্বব্যাপী স্বীকৃত। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ দেশের মানুষ যেভাবে জাতির পিতার আহ্বানে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল তেমনি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেও স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, বিএনপি ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, প্রেস ক্লাব, বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী পালন করেন। বিভিন্ন সরকারী-বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়।