মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তা নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, ভোটগ্রহণ চলাকালেই তিনি ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় প্রশাসন।
দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ ইবনুল আবেদীন বলেন, “ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। এটি সুস্পষ্ট অনিয়ম। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।”
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী বিধি অনুযায়ী ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করতে হয়। ভোট শেষ হওয়ার আগেই স্বাক্ষর করে রাখাকে কারচুপির পূর্বপ্রস্তুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।