মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে “করবো কাজ,গড়বো দেশ সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা। এসময় নওগাঁ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার বোরহান আহমেদ।
সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ডের সুবিধা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা, কৃষি ঋণ মওকুফ এবং স্থানীয় পর্যায়ে খাল খনন প্রকল্পের সুফল সম্পর্কে সাধারণ নারীদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। কর্মজীবী নারীদের জন্য পরিবহণ সুবিধা (নারীর জন্য গাড়ি) নিশ্চিত করা এবং বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সামাজিক ব্যাধি হিসেবে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বর্তমান সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকতে এবং যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দেন অতিথিরা। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।