• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নওগাঁয় অধ্যক্ষের স্ত্রীর হত্যার রহস্য উদ্ঘাটন

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল আলমের স্ত্রী মোসা. ফাতেমা খাতুনকে (৬৫) ঘুমের ওষুধ মিশিয়ে জুস পান করিয়ে অচেতন করার পর স্বর্ণালংকার ও টাকা লুট এবং পরবর্তী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত হাসিনা বেগম (৪৫) এবং লুট হওয়া স্বর্ণালংকার কেনার অভিযোগে জোয়ারদার জুয়েলার্সের ব্যবসায়ী ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৩ জুন দুপুরে নওগাঁ শহরের চুড়িপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা অজ্ঞান পার্টির সদস্যরা ফাতেমা খাতুনকে কৌশলে রিকশায় তুলে অচেতন করে তার শরীরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। পরে তাকে শহরের নদীপাড়ের ময়লাপট্টি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন সকালে তিনি মারা যান। এ ঘটনায় নওগাঁ সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্তকারী দল শহরের ৮০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাটা বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্ত করে।
তদন্তের একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় গত ১৫ জুলাই নওহাটা এলাকা থেকে হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ সুপারের তত্ত্বাবধানে নিবিড় জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হাসিনা বেগম জানিয়েছেন, ঘটনার দিন তিনি উকিলপাড়া এলাকায় সম্ভাব্য টার্গেট খুঁজছিলেন। বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে তিনি অধ্যাপক শহিদুল আলম ও তার স্ত্রী ফাতেমা খাতুনের সঙ্গে পরিচিত হন এবং একই অটোরিকশায় চুড়িপট্টির স্টারলাইট ফার্মেসির সামনে নামেন। এ সময় অধ্যাপক শহিদুল আলম মিষ্টি কিনতে নওগাঁ মিষ্টান্ন ভান্ডারের দিকে গেলে সুযোগ বুঝে ফাতেমা খাতুনকে আলাদা একটি রিকশায় তুলে নেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় হাসিনার কোলে আড়াই থেকে তিন বছরের একটি শিশু ছিল। ওই শিশুকে তিনি অপরাধ সংঘটনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। রিকশায় ওঠার পর ফলের জুসের সঙ্গে ‘জিওনিল’ নামের শক্তিশালী ঘুমের ওষুধের ছয় থেকে সাতটি ট্যাবলেট মিশিয়ে ফাতেমা খাতুনকে পান করান। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়লে তার গলা ও হাতের স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা টাকা নিয়ে নেন। পরে তাকে শহরের নদীপাড়ের ময়লাপট্টি এলাকায় একটি বেঞ্চে বসিয়ে রেখে পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, লুট করা স্বর্ণালংকার মাত্র ৫০ হাজার টাকায় শহরের জোয়ারদার জুয়েলার্সের ব্যবসায়ী ইমরানের কাছে বিক্রি করেন হাসিনা। পরে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হাসিনার কাছ থেকে স্বর্ণালংকার কেনার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্তে আরও জানা গেছে, হাসিনা বেগম দীর্ঘদিন ধরে নওগাঁ শহর ও আশপাশের এলাকায় একই কৌশলে বয়স্ক নারীদের টার্গেট করতেন। কোলে থাকা শিশুকে ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করতেন এবং জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুট করতেন। একই কৌশলে আরও কয়েকজন নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে তথ্য পেয়েছে পুলিশ। এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ”নওগাঁ শহরে অজ্ঞান পার্টিসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category