• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

স্কুলে নেই বসার বেঞ্চ, সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার অজুহাতে স্কুল থেকে শিক্ষার্থীদের বসার বেঞ্চ নিয়ে যাওয়ায় সপ্তাহজুড়ে পাঠদান বন্ধ থাকার অভিযোগ উঠেছে। উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে। বসার জায়গা না থাকায় প্রতিদিন প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে গিয়েও ক্লাস না করে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এমন অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বৃত্তি পরীক্ষার কেন্দ্র সাজানোর জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেঞ্চ সংগ্রহ করে। এরই ধারাবাহিকতায় প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিংহভাগ বেঞ্চ নিয়ে যাওয়া হয়। ফলে শ্রেণিকক্ষ বেঞ্চশূন্য হয়ে পড়ায় গত এক সপ্তাহ ধরে পাঠদান কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। অথচ উপজেলার অন্য স্কুলগুলোতে নিয়মিত পাঠদান চলছে।
ভুক্তভোগী অভিভাবকরা অভিযোগ করে বলেন, শিক্ষা অফিসের পরিকল্পনার অভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। প্রতিদিন বাচ্চারা স্কুলে যাচ্ছে, কিন্তু বসার জায়গা না থাকায় শিক্ষকরা তাদের ছুটি দিয়ে দিচ্ছেন। একটি সরকারি বিদ্যালয়ে এভাবে এক সপ্তাহ ক্লাস বন্ধ থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বেঞ্চ না থাকায় তারা ক্লাস নিতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে, শিক্ষা অফিসের এমন তুঘলকি কান্ডে এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে মান্দা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে এ ঘটনার তদন্ত করে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category