• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আগাম জাতের আমন ধান মাড়াইয়ে ব্যস্ত চাষিরা

দিনকাল বিডি ২৪ / ২১৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) সংবাদদাতা:

আশ্বিন-কার্তিক মাসকে বলা হয় অভাবের মাস। তার সাথে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছিল সপ্তাহ খানেক আগের টানা বৃষ্টি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত ৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি খাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চলতি মৌসুমে আগাম জাতের আমন ধান চাষ করে স্বস্তি মিলেছে কৃষকের। তাদের দাবি, আগে আশ্বিন-কার্তিকে কৃষকদের বেশ অভাবে দিন কাটাতে হতো। এখন সেই অভাব ঘোচাতে আশার আলো তৈরি করছে আগাম জাতের ব্রি ধান-৭১,ব্রি ধান-৭৫,ব্রি ধান-৮৭, বিনা-১১, বিনা-১৭, বিনা-২০,বিনা-২২ ধানের আবাদ। আগাম জাতের এসব ধানের ফলনও বেশ আশানুরূপ বলে জানায় কৃষি বিভাগ। ফলে প্রদর্শনী প্লটের মাধ্যমে স্থানীয় কৃষকদের এসব জাতে আগ্রহী করে তুলতে কাজ করছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগের তথ্য মতে, গত মধ্য জুনে বোরো কাটা ও মাড়াই শেষ হওয়ায় আমন লাগানো শুরু হয় মধ্য জুলাই থেকেই। এ কারণে ধানিজমিতে কৃষকরা আগে আলু, সরিষা ও শস্য চাষ করার সময় পেত না। কিন্তু এখন আগাম জাতের ধান চাষ করে সেই জমিতে অনায়াসেই সরিষা, আলু বা শস্যের চাষ করার পরও বোরো ধান লাগাতে পারছে। এ বছর উপজেলায় আমন ধানের মোট লক্ষ্যমাত্রা ছিলো ১৯ হাজার ২শত ৯৫ হেক্টর। কিন্তু ১৯ হাজার ৩’শত ১৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে উপজেলা কৃষি বিভাগ। এতে আগাম জাতের ধানের চাষ হয়েছে ২৫৫৫ হেক্টর জমিতে।আগাম জাতের ধানের হেক্টর প্রতি ফলন হয়েছে সাড়ে ৪ থেকে সাড়ে ৫ টন।

স্থানীয় একাধিক কৃষক জানায়, আগে জমিতে বছরে দুবার বোরো ও আমন ধানের চাষ হতো। এর মধ্যে ওই ধানিজমিতে অন্য ফসল চাষ করার তেমন সুযোগ ছিল না। ফলে এ এলাকার চাষি ও কৃষিশ্রমিকদের পড়তে হতো অর্থ সংকটে। আশ্বিন-কার্তিকে অভাবে দিন কাটাতে হতো। এখন সেই অভাব দূর করে দিয়েছে আগাম জাতের হাইব্রিড ধান।

উপজেলার বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল গ্রামের কৃষক
রিয়াজুর রহমান(৫০) বলেন, বাপ-দাদার আমল থেকেই ধান চাষ করছি। আমন ধান কাটার উপযোগী হতে প্রায় পাঁচ মাস সময় লাগে। এই সময়ে আমাদের এলাকার জমিতে অন্য কোনো ফসল চাষ করা সম্ভব হয় না। এবার ৫০ শতাংশ জমিতে ব্রি-৭৫ জাতের ধান লাগিয়ে ভালো ফলন পেয়েছি।

একই গ্রামের আরেক কৃষক জুয়েল মিয়া(৩৫) বলেন, বছরে দুবার ধান চাষ করতে এক ফসল বিক্রি করে আরেক ফসলের জন্য খরচ জোগাতে হতো। এর সঙ্গে অতিবৃষ্টি, পোকামাকড় ও অনাবৃষ্টির কারণে আমনক্ষেত নষ্ট হয়েও উৎপাদন কমত। কোনো বছর ফসল তো দূরের কথা ক্ষেতের খড়ও বাড়িতে আনাতে কষ্ট হতো। তবে ব্রি-৭৫ জাতের ধান লাগিয়ে সেই দুর্দিনের অবসান হয়েছে।
উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর হোসেনপুর
গ্রামের কৃষক ফয়েজ উদ্দিন (৪৫) বলেন, ‘আমি ১২০ শতাংশ জমিতে ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭ লাগিয়েছিলাম। কয়েকদিনের মধ্যে ধান কেটে বাড়িতে আনবো। এই ধান আবাদে সার-পানি-কীটনাশক কম লাগছে। রোগবালাই নেই বললেই চলে, আবার ফলনও ভালো হয়েছে।’

এদিকে ১৬ অক্টোবর(সোমবার) উপজেলার বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল ব্লকে আগাম জাতের ধানের নমুনা কর্তন করে উপজেলা কৃষি অফিস। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. আব্দুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র পাল, উপসহকারী কৃষি অফিসার আলী আকসার খান,মো. মুর্শেদ আলী খান প্রমুখ।

ঈশ্বরগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. আব্দুল ওয়াহেদ খান বলেন, আগাম জাতের ধান কৃষকরা ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে ঘরে তুলতে পারছে। আমনের অন্য জাতগুলোর তুলনায় ৩০ থেকে ৪০ দিন আগে এ ধান পেকে যায়। তাই এ জাতগুলোর ধান চাষে কৃষকদের আগ্রহও বাড়ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, আগে কৃষকরা বছরে দুটির বেশি ফসল ফলাতে পারত না। এখন ধানিজমিতে কৃষকরা বছরে তিনবার ফসল ঘরে তুলতে পারছে। আগাম জাতের ধান চাষ, কাটা ও মাড়াইয়ের পরে একই জমিতে আলু, সরিষা, মূলা ও অন্যান্য শস্য চাষের সুযোগ হয়েছে। এতে ফসলের নিবিড়তা যেমন বাড়বে,মাটির স্বাস্থ্য বৃদ্ধি পাবে,তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। যেকারণে এ অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category