• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁ জেলা প্রেসক্লাবে কি মধু আছে? নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে দুই আহ্বায়ক কমিটি

দিনকাল বিডি ২৪ / ২১০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্ব দখল ও নিজেদের আধিপত্য টিকিয়ে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের পৃথক আহ্বায়ক কমিটি গঠন নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই নিজেদের কমিটিকে বৈধ প্রমাণ করতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সাংবাদিকদের এই কোন্দলে সচেতন মহলের মনে এখন একটাই প্রশ্ন-নওগাঁ জেলা প্রেসক্লাবে আসলে কী এমন ‘মধু’ আছে, যার জন্য এই লড়াই?
অনুসন্ধানে জানা যায়, জেলা শহরের উকিল পাড়ায় অবস্থিত এই প্রেসক্লাবটি গত কয়েক বছর ধরেই কতিপয় সংবাদকর্মীর কবজায় রয়েছে। অভিযোগ উঠেছে, নিজেদের নেতৃত্ব দীর্ঘায়িত করতে যখনই যারা ক্ষমতায় আসেন, তারা প্রতিপক্ষ বা ভিন্ন মতের সাংবাদিকদের বিরুদ্ধে নানা ঠুনকো অজুহাতে বহিষ্কারের খড়গ নামিয়ে আনেন। এমনকি দীর্ঘ দিন ধরে মূলধারার প্রথম সারির পত্রিকা ও টিভি চ্যানেলে কাজ করা অন্তত ৩০ জন তরুণ ও উদ্যমী সংবাদকর্মীকে ক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত রাখা হয়েছে। পরিবর্তে নিজেদের ভোটব্যাংক ভারী করতে অসাংবাদিক ও অনুগতদের সদস্যপদ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ধারাবাহিক এই বঞ্চনার জেরে গত ২০২৫ সালে সদস্যপদ বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে প্রেসক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন। পরে তৎকালীন জেলা প্রশাসকের মধ্যস্থতায় বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়া এবং যোগ্যদের সদস্যপদ দেওয়ার শর্তে তালা খোলা হয়। কিন্তু নির্বাচন পরবর্তী গঠিত কমিটি সেই শর্ত ভঙ্গ করে উল্টো প্রতিদ্বন্দ্বী সদস্যদের বহিষ্কার করলে নতুন করে সংকটের সূত্রপাত হয়।
সরেজমিনে দেখা যায়, গত ৩ মার্চ অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবিরকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে একটি পক্ষ প্রেসক্লাবে অবস্থান নেয়। এর পরপরই ২৯ মার্চ তারিখ দেখিয়ে প্রফেসর ওয়ালিউল ইসলামকে আহ্বায়ক করে পাল্টা একটি কমিটি প্রকাশ করে সদ্য বিলুপ্ত কমিটি।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রেসক্লাবের সভাপতি বা সাধারণ সম্পাদক পদটি ব্যবহার করে প্রশাসনসহ বিভিন্ন মহলে তদবির, ব্যক্তিগত সুযোগ-সুবিধা গ্রহণ এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে দ্রুত অর্থ উপার্জনের সুযোগ থাকায় এই পদটি কেউ ছাড়তে চান না। এই স্বার্থের সংঘাতই বারবার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে সংকটে ফেলছে।
বহিষ্কৃতদের পক্ষের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক করতোয়া প্রতিনিধি নবীর উদ্দীন বলেন, ‘আমার অজান্তেই আহ্বায়ক কমিটিতে নাম দেওয়া হয়েছে। আমি এই দ্বন্দ্ব চাই না। প্রেসক্লাব আমাদের প্রাণের সংগঠন, আমি চাই সবাই মিলেমিশে সুন্দরভাবে এটি চলুক।’
অন্যদিকে, সদ্য বিলুপ্ত কমিটির পক্ষের আহ্বায়ক প্রফেসর ওয়ালিউল ইসলাম জানান, আগামী শুক্রবার উভয় পক্ষ বসে আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধানের চেষ্টা করা হবে।
নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি আশরাফুল নয়ন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিগত দিনে জেলা প্রশাসকের উপস্থিতিতে যে সমঝোতা হয়েছিল, তা বাস্তবায়ন না হওয়ায় এই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটেছে। নিজেদের দল ভারী করতে ব্যাঙের ছাতার মতো অসাংবাদিক তৈরি করা হচ্ছে, যা মূলধারার সাংবাদিকদের জন্য অসম্মানজনক।’
এবিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমি জেনেছি এখানে সাংবাদিকদের ১১টি গ্রুপ আছে। নিজেরা ঐক্যবদ্ধ না হলে সমাধান কঠিন। এর আগে সাবেক জেলা প্রশাসক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তবে সব পক্ষ চাইলে এবং স্থানীয় সংসদ সদস্য উদ্যোগ নিলে এর সমাধান সম্ভব।’
প্রেসক্লাবের এই অচলবস্থা কাটাতে এবং পেশাদার সাংবাদিকদের সম্মান রক্ষায় একটি স্থায়ী ও নিরপেক্ষ সমাধানের দাবি জানিয়েছেন জেলার সাধারণ সংবাদকর্মী ও নাগরিক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category