স্টাফ রিপোর্টারঃ শিশু, বৃদ্ধসহ সবাই এসেছে। উৎসবের মাঠ কানায় কানায় পূর্ণ। সবার চোখেমুখে আনন্দের ঝিলিক। এমন আনন্দমুখর পরিবেশেই নওগাঁয় হয়ে গেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারাম উৎসব ও মিলনমেলা। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর সমতল ভূমির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা এমন আয়োজন করে থাকে।
আজ শুক্রবার বিকেলে নওগাঁর সাপাহার উপজেলার মদনশিং স্কুল মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, বর্ণাঢ্য আয়োজনে ঢাক মাদলের তালে নাচ-গান আর পূজা অর্চণার মধ্য দিয়ে সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, পাহান, মালো, মাতোসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিভিন্ন জাতিসত্ত্বার প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব এই কারাম উৎসব উদযাপন করা হয়। এতে বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৮২টি সাংস্কৃতিক দল তাদের নিজস্ব সংস্কৃতির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
সরেজমিন দেখা যায়, লাল-হলুদ শাড়ি আর খোঁপায় বাহারি ফুল গুঁজে ঢোল-মাদলের তালে নাচে-গানে মুখরিত চারপাশ। এ যেন এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মনোমুগ্ধকর নাচ। এরআগে ওই মাঠে
দুপুর থেকেই আসতে শুরু করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক দল। নিজেদের ভাষায় গাওয়া গান আর আলতা মাখা পায়ে নুপুরের ঝংকারে হাতে হাত রেখে ছন্দময় নাচে অংশ নেয় তরুণ-তরুণীরা। আর এসব ছন্দময় নাচ দেখতে ভিড় করে আশেপাশের গ্ৰামসহ বিভিন্ন এলাকার হাজারও মানুষ।
এ উৎসবে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার।
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নেতা ভুট্টু পাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন,
কারাম উৎসব আয়োজন নিছক বিনোদনের জন্য করা হয় না। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ভাষা ও সংস্কৃতি রক্ষার বিশেষ উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, আগে ছোট আকারে কারাম উৎসব আয়োজন হলেও এখন ব্যাপক পরিসরে আয়োজন হচ্ছে। আট দশ বছর আগেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবস্থা এমন ছিলো না। প্রধানমন্ত্রী তাদের অবস্থার উন্নয়ন করেছেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন,বর্তমান সরকার দেশের সকল নাগরিকের সুষম উন্নয়নে বিশ্বাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিও সরকারের সুদৃষ্টি রয়েছে। তাদের উন্নয়নে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের মধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কাউকে পিছিয়ে রেখে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবাই যেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পায়।
উৎসব শেষে মন্ত্রী নৃত্যানুষ্ঠানে বিজয়ীদলগুলোর মধ্য পুরষ্কার বিতরণ করেন।