জিল্লুর রহমান রতন, জামালপুর :
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে সাংবাদিক ও মৎস্য চাষিদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য দপ্তর।
সোমবার (২৪ জুলাই) নিজস্ব কার্যালয়ে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
মতবিনিময়কালে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সফল করতে সরকারের গৃহীত নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও তথ্য পেশ করেন।
সপ্তাহব্যাপী গৃহীত নানামুখী কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা, উদ্বোধনী অনুষ্ঠান, ব্যানার-ফেস্টুন সহযোগে সড়ক রেলি, পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মত বিনিময়, মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ শেষ দিনে রয়েছে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
মৎস্য দপ্তরের এ মতবিনিময় অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সংবাদকর্মী ও মৎস্য চাষী রাজিব আল হাসান, খোরশেদ আলম, জাকির হোসাইন, সুজন মিয়া, এ কে এম শাহজাহান, রোমান মিয়া ও আজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।